সাভারে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ০৩:৩৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
সাভারে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার
ঢাকার সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে সাভারের তেঁতুলঝড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ১০ বোতল ফেন্সিডিলসহ রমজান মল্লিক ও তার স্ত্রী লামিয়া সুলতানা নিলু ওরফে মীম (২৩) কে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অভিযানের সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
অন্যদিকে একই দিন রাত প্রায় পৌণে ১১টার দিকে সাভারের মজিদপুর ছোটবলি মেহের এলাকায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন মিয়া (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক লিটন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত চারটি মাদক মামলা রয়েছে, যা থেকে তার দীর্ঘদিনের মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমজান মল্লিক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা এবং তার স্ত্রী মীম একই এলাকার। অপরদিকে লিটন মিয়া সাভারের মজিদপুর ছোটবলি মেহের এলাকার বাসিন্দা।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সাভার এলাকায় মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




















