নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
- আপডেট সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নেত্রকোণায় দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন অনুষ্ঠিতব্যে- দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবি জানান নিহতের মা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দুই শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
এ সময় নিহত সাংবাদিক আলিফ ফকিরের গর্ভধারিণী মা ও পরিবারের সদস্যদের উপস্থিতি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি।
সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো.খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, পরিচালক (বিচার ও সালিশ) জামাল উদ্দিন খান এবং ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. ইয়াহিয়া আরিফ, কার্যকরী সভাপতি সজীব রাজভর বিপিন, সাধারণ সম্পাদক মো. আমিনূর ইসলাম রাব্বিসহ জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ।
এছাড়া নেত্রকোণা জেলা প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো.খায়রুল আলম রফিক বলেন- “সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা বা হত্যার শিকার না হন, সে জন্য প্রশাসনকে আরও তৎপর হতে হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হত্যার সুষ্ঠু বিচার না হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই আলিফ ফকির হত্যার বিচারের দাবিকে একটি বৃহত্তর সাংবাদিক নিরাপত্তা আন্দোলনে পরিণত করতে হবে।
মানববন্ধনে বক্তারা সংগঠনের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নেত্রকোণা জেলার পুলিশ সুপার তরিকুল ইসলামের সাথে হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন আয়োজকরা।
এ সময় পুলিশ সুপার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানান আয়োজকরা















