নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা
- আপডেট সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের হাটবিলা এলাকায় এক নির্মম ও নৃশংস ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ শিকারি চক্র ফাঁদ পেতে এবং বিষটোপ ব্যবহার করে এক রাতেই প্রায় ৪০০টি বক ও শালিক পাখি হত্যা করেছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ঘটে যাওয়া এই ভয়াবহ তণ্ডবে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটবিলা এলাকার প্রাকৃতিক পরিবেশে দীর্ঘদিন ধরে এসব বক ও শালিক পাখি আশ্রয় নিয়ে আসছিল। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখির ভূমিকা ছিল অনস্বীকার্য। কিন্তু সম্প্রতি একটি লোভী ও অপরাধী চক্র পরিবেশ আইন তোয়াক্কা না করে রাতের আঁধারে এসব পাখি শিকার করে হত্যা করে। এতে আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক ও পরিবেশগত ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সচেতন মহল।
স্থানীয় পরিবেশপ্রেমী ও বাসিন্দারা জানান, “পাখিগুলো আমাদের এলাকার সৌন্দর্য ছিল। এক রাতের মধ্যে পুরো এলাকা ফাঁকা করে ফেলা হয়েছে। এটি কেবল পাখি হত্যা নয়, আমাদের পরিবেশ ও দেশের জীববৈচিত্র্যের ওপর বড় ধরণের আঘাত।”
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী ও পাখি হত্যা একটি মারাত্মক দণ্ডনীয় অপরাধ। একটি চক্রের এমন ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
দেশের শত্রুদের ধরিয়ে দিন:
প্রকৃতি ও পরিবেশের শত্রু এই অপরাধীরা সমাজের আড়ালে লুকিয়ে থেকে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। উক্ত চক্রটির কোনো সদস্য বা ঘটনা সংক্রান্ত তথ্য কারো জানা থাকলে অবিলম্বে নিকটস্থ নলডাঙ্গা থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
আপনার একটি তথ্যই পারে এসব অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আমাদের দেশ ও প্রকৃতিকে রক্ষা করতে।



















