নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম !
- আপডেট সময় : ১০:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মোঃ শান্ত ইসলাম (২৬) নামের এক যুবসংগঠন নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভিকটিম শান্ত ইসলাম নাটোর জেলা এনসিপির যুবসংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং সেনভাগ লক্ষীকুল গ্রামের আঃ সাত্তারের ছেলে।
১৯ জুলাই ২০২৬, রবিবার সন্ধ্যা আনুমানিক ০৬:৫০ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা শেষে মাঠেই সেনভাগ মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) (আওয়ামী লীগ পন্থী) এবং তার ছেলে মোঃ শান্ত ইসলাম (২০) ভিকটিম শান্তকে উদ্দেশ্য করে বলেন, “এই মাঠে আর ফুটবল খেলা হবে না, সামনে আমার নেত্রী আসতেছে।”
এই বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবা ও ছেলে মিলে ভিকটিম শান্ত ইসলামকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখম করেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ভিকটিমকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের মাথায় ৫টি সেলাই দেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ০৮:০৫ ঘটিকায় তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
পরবর্তীতে রাত নয়টার দিকে ভিকটিম তার নিজস্ব লোকজন ও সমর্থকদের সাথে নিয়ে নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে আসামিদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ভিকটিম শান্ত ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
নলডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় বাদি আসামিদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

















