নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড
আজ ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় মো. সিরাজুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি চেউখালী এলাকার মৃত আহাদ আলীর ছেলে।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন এসআই মো. রাজিবুল হাসান। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।














