নাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্মদক্ষতার স্বীকৃতিতে পুরস্কৃত পুলিশ সদস্যরা
- আপডেট সময় : ১২:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
নাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্মদক্ষতার স্বীকৃতিতে পুরস্কৃত পুলিশ সদস্যরা
নাটোর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধে জড়িত আসামি গ্রেপ্তার, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নাটোর জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড এবং সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বজায় রাখার আহ্বান জানান।
পাশাপাশি সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী।
প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের মোটরযান শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল, সি-স্টোর ও ডি-স্টোরসহ পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত, পেশাগত এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন তিনি। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। পাশাপাশি অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
কর্মদক্ষতার স্বীকৃতিতে পুরস্কার প্রদান
কল্যাণ সভার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা।
মাদকদ্রব্য উদ্ধারে সফলতা, ইমুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচন এবং পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), পুলিশ লাইন্সের আরআই, জেলার সব থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে কল্যাণ সভা শেষ হয়।















