মানিকগঞ্জে নিখোঁজের ১ সাপ্তাহ পর স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে নিখোঁজের ১ সাপ্তাহ পর স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের সাত দিন পর মারিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জার্মিতা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশের একটি ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মারিয়া সায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং শাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন বাড়ি থেকে বের হওয়ার পর মারিয়া নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সিংগাইর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে পুলিশ তার সন্ধানে কাজ শুরু করে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে কবরস্থানের পাশের একটি নির্জন ঝোপঝাড়ে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও একটি খণ্ডিত অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া আলামত এবং স্বজনদের শনাক্তকরণের ভিত্তিতে মরদেহটি মারিয়ার বলে নিশ্চিত হওয়া যায়।
পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবারের দাবি, মারিয়া নিখোঁজ হওয়ার আগে বিদ্যালয়কে কেন্দ্র করে কিছু বিষয় নিয়ে আলোচনা চলছিল। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে পাঁচ থেকে ছয় দিন আগে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





















