নওগাঁয় গভীর রাতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
- আপডেট সময় : ১০:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
নওগাঁয় গভীর রাতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘরসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত খালেকের ছেলে মো. নাসির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাহফুজা খাতুন জানান, রাত ১টার দিকে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। তাঁর চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন আশপাশের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। এতে আগুন আর আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।















