নলডাঙ্গায় শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে গেছে বসতঘরের আসবাবপত্র
- আপডেট সময় : ০৫:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে গেছে বসতঘরের আসবাবপত্র
নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, কৃষক লাল কুদ্দুছ (৫২), পিতা-মৃত বলায়, সাং-মদনহাটের ছোলার বেড়া দেওয়া বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। পরে নাটোর নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাটি অবগত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

























