ডাক্তার ও স্টাফরা সনয়মতো হাসপাতালে না আসলে শোকজ-নাটোর হাসপাতাল পরিদর্শনকালে হুইপ দুলু
- আপডেট সময় : ০৯:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
ডাক্তার ও স্টাফরা সনয়মতো হাসপাতালে না আসলে শোকজ-নাটোর হাসপাতাল পরিদর্শনকালে হুইপ দুলু
সময়মতো হাসপাতালে উপস্থিত না হয়ে রোগীদের সেবা না দিলে সংশ্লিষ্ট ডাক্তার ও কর্মকর্তা-
কর্মচারীদের বিরুদ্ধে শোকজ এবং প্রয়োজনে সাসপেন্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ রবিবার সকালে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে হুইপ দুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে সকাল ৮টার মধ্যে সবার আসার কথা থাকলেও সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে দেখা গেছে অনেক ডাক্তার ও স্টাফ কর্মস্থলে অনুপস্থিত। দায়িত্ব পালনে অবহেলার কারণে যাদের পাওয়া যায়নি, তাদের শোকজ করার জন্য সিভিল সার্জন’কে নির্দেশ দেওয়া হয়েছে।
রোগী ও শয্যা সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এটি ১০০ শয্যার অনুমোদিত হাসপাতাল হলেও বাস্তবে প্রায় ২৫০ শয্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখা গেছে হাসপাতালে রোগী ভর্তি আছেন প্রায় ৯০০ জন। ১০০ জনের জনবল ও বরাদ্দকৃত ওষুধ-খাবার দিয়ে ৯০০ জন রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টকর। ১০০ জনের খাবার ৯০০ জনের মধ্যে বণ্টন করায় অনেকেই খাবার পাচ্ছেন না। আমি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের অপরিস্কার বাথরুম ও সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তা সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে নাটোর জেলা সিভিল সার্জন ড. মশিউর রহমান, আরএমও ড. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
















