নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে একজনের ২০ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে একজনের ২০ দিনের কারাদণ্ড
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোঃ সোহাগ সরদার (৩৩) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত সোহাগ সরদার উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মোঃ আফাজ সরদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে একটি মামলায় একজনকে দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার রোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














