নাটোরের লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী নারগিছ খাতুন (৫০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে তাঁর স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।














