দেশ বিরোধী চক্রান্ত চলছে বাংলাদেশে, জাতীয়তাবাদী যুবদল তা রুখে দিবে- নাটোরে হুইপ দুলু
- আপডেট সময় : ০৯:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দেশ বিরোধী চক্রান্ত চলছে বাংলাদেশে, জাতীয়তাবাদী যুবদল তা রুখে দিবে- নাটোরে হুইপ দুলু
নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের এমপি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশ বিরোধী চক্রান্ত চলছে বাংলাদেশে, দেশবিরোধী এই চক্রান্ত জাতীয়তাবাদী যুবদলকে রুখে দিতে হবে। নাটোর জেলা যুবদল সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে রাজপথে থাকবে।
তিনি মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকালে নাটোর ভবানীগন্জ মোড়ে নাটোর জেলা যুবদল আয়োজিত ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এই দীর্ঘ ২০ বছর যাবত সংগ্রাম লড়াই করে গণতন্ত্রের জন্য শত শত মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। তাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে তিনি আবার চালু করার চেষ্টা করছেন। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং গণতন্ত্র বিনির্মানে তিনি নতুনভাবে কাজ শুরু করেছেন।
দুলু বলেন, পাশের রাষ্ট্র থেকে ফ্যাসিস্টদের দোসর যে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, যে বাংলাদেশের মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে, এই ষড়যন্ত্রকারীরা নতুন করে আস্ফালন করছে।
বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহবান করে দুলু বলেন, তারেক রহমান আপনাদেরকে সঙ্গে নিয়েই ভঙ্গুর অর্থনীতিকে চালু করার চেষ্টা করছে। তাই হুমকী দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা থেকে বিরত থাকুন।
বাংলাদেশের মানুষ ৫ বছরের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, আগামী ৫ বছর পর তত্তাবধায়ক সরকারের অধীনে পার্লামেন্ট নির্বাচন হবে বাংলাদেশের মানুষ তখন যাকে ভোট দিবে সে সরকার গঠণ করবে বিএনপি তা মেনে নিবে,কিন্তু ষড়যন্ত্র, হুমকী ধামকী আন্দোলন করে বাংলাদেশের মাটিতে লাভ হবে না।
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা প্রসঙ্গে দুলু বলেন, আওয়ামীলীগ বিদেশ থেকে টাকা পাঠিয়ে ষড়যন্ত্র করেছে, এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারাই জড়িত তাদের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।
নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এর সভাপতিত্বে ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটু,বিশেষ বক্তা ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এর আগে জেলা যুবদল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়।
সমাবেশে নাটোর জেলা ও সকল উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনসহ যুবদলের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
















