নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক ওমর আলীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আগুন-সন্ত্রাস চালাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদল রাজপথে রয়েছে বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস বন্ধ না হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থেকে এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলা করার ঘোষণা দেন তারা।
















