বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ পেল ১০০ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ পেল ১০০ শিক্ষার্থী
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও গাছ তুলে দেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাদকের অপব্যবহারের ভয়াবহতা, এর ব্যক্তিগত ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের নেতিবাচক পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে স্কুলব্যাগ, টিফিন বাটি, জ্যামিতি বক্স, পানির পট ও একটি করে গাছ উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি গাছ বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ সমাজ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।














